নবনির্বাচিত কমিটি ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা যার যার এলাকার নিঃস্ব, ভূমিহীন মানুষের তালিকা তৈরি করেন। আমরা তাদের ঘরবাড়ির ব্যবস্থা করব, জীবন-জীবিকার ব্যবস্থা করব। দেশের কোনো মানুষ নিঃস্ব, ভূমিহীন থাকবে না, দরিদ্র থাকবে না।
সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, জনগণের জন্য কাজ করা জাতির পিতা আমাদের শিখিয়েছেন।’
জঙ্গিবাদের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা জঙ্গিবাদ কখনো আশ্রয় দিই না, দেব না। ছাত্রদের ওপর শিক্ষকদের খেয়াল রাখতে হবে। মা-বাবাকে সন্তানের খোঁজ রাখতে হবে। কারও ছেলেমেয়ে যেন বিপথে না যায়, এ ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদের বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। তারপরও এ বিষয়টি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিলে চলবে না। আপনাদেরও খেয়াল রাখতে হবে।
নেতা-কর্মীদের প্রতি আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের জনগণের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নকাজগুলোর কথা জনগণকে জানাতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে।


