ক্ষমতায় থাকাই আওয়ামী লীগের সদ্য সমাপ্ত কাউন্সিলের মূল প্রতিপাদ্য বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “রক্তঝরা নির্বাচন করে ক্ষমতায় থাকাটাই আওয়ামী লীগের কাউন্সিলের মূল প্রতিপাদ্য বলে আমাদের মনে হয়েছে এবং জনগণ সেটি বিশ্বাস করে।”
রিজভী বলেন, “সত্যিকারের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে মানুষের নির্ভয়ে ভোট দিতে পারার শর্ত থাকে, যাকে তারা মনে প্রাণে ঘৃণা করে। এ বিষয়টি তাদের কাউন্সিলে দলের সভানেত্রীর বক্তব্যে আমরা পেয়েছি।”
গত শনি ও রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হয়। কাউন্সিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দলের সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।
বিভিন্ন দেশের অর্ধশতাধিক রাজনীতিবিদ অতিথি হিসেবে আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেন। বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা কেউ যাননি।
অধিকাংশ রাজনৈতিক দল আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি দাবি করে রিজভী বলেন, “এর মধ্য দিয়ে বোঝা যায়, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থাকে জায়েজ করতে কেউ আগ্রহী নয়। কাউন্সিলের পর থেকে তাদের নেতৃবৃন্দের কথা-বার্তায় জাতি আশান্বিত হওয়া দূরে থাক, তাদের বক্তব্যে একনায়কতান্ত্রিক জিঘাংসামূলক নির্দয় স্বৈরশাসনেরই প্রতিফলন পুনর্ব্যক্ত হয়েছে।”
এই বিএনপি নেতার আশঙ্কা, আওয়ামী লীগ আগামী নির্বাচনও ‘নিজেদের অধীনে’ করবে, যাতে জনমতের ‘প্রতিফলন ঘটবে না’।


