বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্যাস উন্নয়ন তহবিলে ৭৭০০ কোটি টাকা

গ্যাস উন্নয়ন তহবিলে ৭৭০০ কোটি টাকাগ্যাস উন্নয়ন তহবিলের আওতায় ইতোমধ্যে কমিশন প্রায় সাত হাজার ৭০০ কোটি টাকা তহবিল গঠন করেছে বলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাকসুদুল হক।

মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে যান তিনি।

বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানান প্রেস সচিব জয়নাল আবেদীন।

প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “বিইআরসির চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, গ্যাস উন্নয়ন তহবিলের আওতায় ইতোমধ্যে কমিশন প্রায় সাত হাজার ৭০০ কোটি টাকা তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে দেশের গ্যাস-বিদ্যুৎ খতের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়া হচ্ছে।”

বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিদ্যুৎ-গ্যাস খাতের মামলা নিষ্পত্তিতে বিইআরসি সক্রিয় ভূমিকা রাখছে।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি প্রাকৃতিক সম্পদ ও গ্যাস-বিদ‌্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও অপচয় রোধে কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

“এছাড়া কমিশনের সকল সিদ্ধান্তে যাতে জনস্বার্থের প্রতিফলন ঘটে তা নিশ্চিতের আহ্বানও জানান রাষ্ট্রপতি।”

আরও পড়ুন