প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের কমিটিতে রাখার বিষয়টি ‘ভবিষ্যতে’ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
“বঙ্গবন্ধুর দৌহিত্র আমাদের ভবিষ্যত লিডার সজীব ওয়াজেদ জয়। তাকে ঘিরে আমাদের স্বপ্ন আছে, আশা আছে। তিনি আমাদের ভবিষ্যত লিডার, কিন্তু রাজনীতিতে সরাসরি কমিটিতে আসা, সে ব্যাপারে তার আগ্রহের ব্যপারকে গুরুত্ব দিতে হবে।”
গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা আবারও দলের সভাপতি নির্বাচিত হন, ওবায়দুল কাদের পান সাধারণ সম্পাদকের পদ।
কাউন্সিলে তৃণমূল থেকে আসা নেতারা প্রধানমন্ত্রীর ছেলেকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখার প্রত্যাশার কথা বললেও যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয় বলেন, বিদেশে থেকে দলীয় পদ রাখা উচিৎ নয়।
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদেরের কাছে জানতে চাওয়া হয়, তৃণমূল নেতাদের দাবি মেনে জয়কে কোনো পদে রাখা হচ্ছে কিনা।
জবাবে সাধারণ সম্পাদক বলেন, “জোর করে আপনারা তার ওপর কিছু আরোপ করতে পারেন না। তার নিজের সম্মতিরও ব্যাপার আছে। তিনি আমাদের ভবিষ্যত নেতা। অবশ্যই এ বিষয়ে ভবিষ্যতে সময় মত… নেত্রী আছেন, তারও সম্মতির বিষয় আছে। তখনই বিবেচনা করা হবে।”
ওবায়দুল কাদের বলেন, “কয়েকদিন আগে কাউন্সিল অধিবেশনে তাকে (জয়) অনেকটা জোর করে মঞ্চে ওঠানো হয়েছে। আমাদের চাপে কাউন্সিলরদের চাপে তিনি মঞ্চে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন কাউন্সিলরদের ওখানে বসে থাকতে, ওখানে তিনি কমফোর্ট ফিল করেছিলেন।
“মঞ্চেও আমরা তাকে বলেছি, কমিটিতে থাকেন। তখন তিনি বলেছেন, বিদেশে থেকে দলের পদে থাকা ঠিক হবে না। তাছাড়া উনি বলেছেন, বিএনপির নেতার (তারেক রহমানের দিকে ইংগিত করে) মত আমি হতে চাই না।”


