সরকারবিরোধী রাজনৈতিক দলকে দমনের উদ্দেশ্যে ছাত্রদলের নেতাদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গাজী রাসেলকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
ছাত্রদলের নেতারা বলেন, ‘মেধাবী ছাত্রনেতাদের গ্রেপ্তারে পুলিশের এই তৎপরতা অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার উপঢৌকন হিসেবেই দেখছে সাধারণ জনগণ। প্রতিদিন ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেপ্তার যে সন্ত্রাসী দমন নয়, বরং বিরোধী দলকে দমনের জন্য তা এখন দেশবাসীর কাছে দিবালোকের মত পরিষ্কার।’
তারা বলেন, ‘কোনো কারণ ছাড়াই ছাত্রদল নেতা-কর্মীদেরকে এভাবে গ্রেপ্তার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে অপকর্ম করে চলে যাচ্ছে, কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে ছাত্রদল নেতা-কর্মীদের। দেশের মানুষের সামনে তাদের এই অপকৌশল আজ উন্মোচিত।’
অবিলম্বে সোহেল রানা ও গাজী রাসেলের নিঃশর্ত মুক্তি চেয়ে তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।


