বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ক্ষমতার দ্বারপ্রান্তে খালেদা জিয়া’

গণ-অভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে: বিএনপিক্ষমতার দ্বারপ্রান্তে চলে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের।

“আমাদের নেত্রী খালেদা জিয়া ক্ষমতার দ্বারপ্রান্তে চলে এসেছেন, যার কারণে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা বারবার বলছেন- বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।”

আগামী নির্বাচনের আগে বিএনপি সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা দেবে। যদি সেই রূপরেখা অনুযায়ী সরকার নির্বাচন না দেয় তাহলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি দেন মোশাররফ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলতায়নে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের পাতানো সার্চ কমিটি আমরা চাই না। এমন সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে আবারও রকিব মার্কা লোক আসবে। তাই আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্চ কমিটির মাধ্যমে একটি রূপরেখা দেব। সরকার তা না মানলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতার দ্বারপ্রান্তে মন্তব্য করে তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ক্ষমতার দ্বারপ্রান্তে চলে এসেছেন, যার কারণে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা বারবার বলছেন বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছে এই ফ্যাসিবাদী সরকার, পাশাপাশি তারা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে জঙ্গিবাদ ইস্যুটাকে উসিলা হিসেবে ব্যবহার করছে।

সরকার বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, কথা শোনা যায় সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদেরকে সাজা দিয়ে আরও একটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে, কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সরকার বোকার স্বর্গে বাস করছে।

মোশাররফ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে জেনেই তারা জনগণ এবং জিয়া পরিবারের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করছে।

আরও পড়ুন