দীর্ঘ দেড় মাসের বাৎসরিক অবকাশকালীন ছুটি শেষে ৩০ অক্টোবর রোববার খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
আদালত খোলার পর থেকেই নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে শুনানি, শিক্ষক লাঞ্চনার ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে রুলের শুনানি, সিটিসেলের আপিল শুনানি, চা বাগানের দখলের অভিযোগে শিল্পপতি রাগিব আলীর বিরুদ্ধে শুনানি, সংসদ সদস্যদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতি পদে থাকাকে অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি, বিএফ শাহীন স্কুলের বর্ধিত বেতন-ভাতা নিয়ে শুনানির মতো হেভিওয়েট মামলার শুনানিতে উত্তাপ বাড়বে সুপ্রিম কোর্ট অঙ্গনে। এ সময় সারা দেশের মানুষের দৃষ্টি থাকবে সুপ্রিম কোর্টের দিকে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট খোলার পর বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
নিজাম হাজারীর এমপি পদের বৈধতা:
ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীর কারাবাস রেয়াত পাওয়া বিষয়ে আগামী ৩ নভেম্বর শুনানির দিন ধার্য রয়েছে। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবালের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
গত ৩০ আগস্ট নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতার রায় মুলতবি করে কারাবাসকালে তিনি কত ব্যাগ রক্ত দিয়েছেন, এর ফলে কতদিন কারাবাস রেয়াত পাওয়ার অধিকারী হয়েছেন তা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৩ আগস্ট এই রিটের রুলের ওপর শুনানি শেষ করে আদালত ১৭ আগস্ট রায়ের দিন ধার্য করেছিলেন। ওই দিন নতুন একটি নথি চাওয়া হলে রায়ের তারিখ পিছিয়ে হয় ২৩ আগস্ট।
কিন্তু ২৩ অাগস্ট আদালতে ফের শুনানিতে অংশ নেন আইনজীবীরা। রক্তদান করে নিজাম হাজারী কারাবাস রেয়াতের অধিকারী হয়েছেন বলে তার আইনজীবীরা সেদিন আদালতে যুক্তি দেন। ফলে পিছিয়ে যায় রায় ঘোষণা।
সিটিসেলের আপিল শুনানি ৩১ অক্টোবর:
বাংলাদেশের সবচেয়ে পুরোনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩১ অক্টোবর আপিল শুনানি হবে।
এর আগে গত ২৫ অক্টোব সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধে সরকারের সিদ্ধান্ত বহাল রেখে ৩১ অক্টোবর আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
বকেয়া টাকা পরিশোধ করা হয়নি, এ অভিযোগে গত বৃহস্পতিবার সিটিসেলের কার্যক্রম (স্প্রেকট্রাম বা তরঙ্গ) স্থগিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
শিক্ষককে লাঞ্চনা মামলার প্রতিবেদন ৩ নভেম্বর:
নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান জড়িত কি না, সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে তদন্তের প্রতিবেদন আগামী ৩ নভেম্বর আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ৩ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে এমপিদের বৈধতা প্রশ্নে আপিল শুনানি:
স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না সংসদ সদস্যরা, হাইকোর্টের দেওয়া এ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে ৩০ অক্টোবর।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি হবে।
এর আগে গত ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ ধারাকে বাতিল করেন হাইকোর্ট। এর ফলে এ বিধান অনুযায়ী, সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না বলে জানান রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ রায় দেন।
ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিল:
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এক মাসের মধ্যে আপিল করা হবে।
এর আগে গত ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করেন।
রমনায় বোমা হামলা মামলা:
বহুল আলোচিত রমনা বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার আপিল শুনানি শিগগিরই শুরু হবে।
আদালত সূত্র বলেছে, বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় হয়েছে ওই হামলার প্রায় ১৩ বছর পর ২০১৪ সালের ২৩ জুন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলেই মারা যান নয় জন। তারা হলেন- আল মামুন হোসেন, রিয়াজুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস শিল্পী, আবুল কালাম আজাদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এমরান হোসেন, অসীম চন্দ্র সরকার, ইসমাইল হোসেন স্বপন ও আনসার আলী। একজনের পরিচয় জানা যায়নি।


