ওভাল অফিসে দীপাবলি উৎসবে রোববার প্রথমবারের মতো দীপ জ্বালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা -ফেসবুক
হোয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উৎসবে প্রথবারের মতো দীপ জ্বালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ২০০৯ সালে প্রথমবারের মতো হোয়াইট হাউসে দীপাবলি পালন করেছিলেন। তিনি আশা করেন, ভবিষ্যতে তার উত্তরসূরিরাও এ ঐতিহ্য বজায় রাখবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রোববার ওবামা প্রথমবারের জন্য ওভাল অফিসে সেখানকার ইন্দো-আমেরিকান নাগরিকদের সামনে প্রদীপ জ্বালিয়ে আবেগাচ্ছন্ন হয়ে পড়েন। সেই মুহূর্তের ছবি তিনি নিজেই টুইটার ও ফেসবুক পেজে শেয়ারও করেছেন। ফেসবুকে ওইসব ছবি পোস্ট করার পর ওবামা জানান, তিনি গর্বিত বোধ করেন দীপাবলি পালনের এই ঐতিহ্য প্রথমবারের জন্য ২০০৯ সালে চালু করতে পেরে। তিনি একথাও উল্লেখ করতে ভুলেননি, মুম্বাইয়ে তাকে এবং স্ত্রী মিশেল ওবামাকে যেভাবে ভারতীয়রা গ্রহণ করেছিলেন, তা ভেবে আজও তিনি নস্টালজিক হয়ে পড়েন। সেবার ভারতীয়দের সঙ্গে নাচ-গানও করেছিলেন সস্ত্রীক ওবামা।
হোয়াইট হাউসের ফেসবুক পেজে তিনি লেখেন, এবারই প্রথমবারের মতো দীপাবলিতে দীপ জ্বালিয়েছি আমি। কার্যত, আলো জ্বালিয়ে অন্ধকার, যা কিছু অশুভ তাকেই সরিয়ে রাখা যায়। আশা করি, পরবর্তী প্রেসিডেন্টও এ রীতি চালু রাখবেন। ওবামা আরও বলেন, আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্তে দীপাবলি পালিত হচ্ছে। হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ সবাই আজ আলোর উৎসবে মেতেছেন। সবাই প্রিয়জনের মঙ্গল কামনা করছেন। উৎসবের দিনে ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হন। এমন করেই সব দেশে অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে ওবামা মূলত দীপাবলির আসল বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। বিশ্ববাসীকে ওবামা ও তার পরিবারের তরফে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি বলেন, ওবামা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। ওবামার এ পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে। একদিনের মধ্যে প্রায় দেড় লাখ মানুষ এতে লাইক দেয় এবং ৩৩ হাজার বার শেয়ার করা হয়।


