দিনাজপুরে এক শিশুকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যেই এবার ঢাকার সাভারে নেশাদ্রব্য খাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান।
গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামে ধর্ষিত হয় পাঁচ বছর বয়সী ওই শিশু। মুমূর্ষু শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি কামরুজ্জামান বলেন, “সোমবার রাতে শিশুটি সাভারের আড়াপাড়া এলাকায় বাড়ির কাছাকাছি একটি মণ্ডপে পূজা দেখতে যায়। পূজা দেখে ফেরার পথে পূর্ব পরিচিত রতন (২৩) তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। পরে নেশাদ্রব্য মেশানো কেক খাইয়ে সংজ্ঞাহীন করে সাভার বাজার বাসস্ট্যান্ডের একটি বাগানের ভেতরে নিয়ে ধর্ষণ করে ফেলে যায়।”
“ভোরে স্থানীয় এক নারী মেয়েটিকে বাগানের ভেতর পড়ে থাকতে দেখে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
হাসপাতালের আরএমও আমজাদুল হক বলেন, ভোরে মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রতনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।


