গোপন বৈঠকের সময় হাতবোমা, ধারালো অস্ত্র ও উগ্র মতবাদের বইসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ‘জঙ্গি কর্মকাণ্ডে’ জড়িত বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের কুচপাড়া শালবন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে জানান।
গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদরের কাউসিল পাড়ার তানভীরুল হক সজল (২৩), কিশোরগঞ্জের বাজিতপুরের হারুন মিয়া (৩৭), একই এলাকার মো. হোসেন (২৯), দ্বীন ইসলাম (৩৫) এবং আব্দুল হান্নান (৩৫)।
এসপি হারুন বলেন, “নাশকতা পরিকল্পনা করতে ১০-১৫ জন কুচপাড়ায় বৈঠক করছে- এমন গোপন খবর পেয়ে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স রাত সোয়া ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
অভিযানে পাঁচটি পেট্রোল বোমা, ছয়টি হাতবোমা, একটি চাপাতি, দুটি ছোরা, বেশকিছু জিহাদি বই ও দুটি পতাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় জয়দেবপুর থানায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে।


