স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ডাকে সারা বাংলা আজ এক হয়ে গেছে। আমরা কোনো জঙ্গিকে আশ্রয়-প্রশ্রয় দেব না। খুব শিগগিরই নির্বাচন আসছে। আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেব। ওই নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আবারো ক্ষমতায়ন হবে।
বুধবার সন্ধ্যা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২নং যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের সঙ্গে জনগন আছে। জনগনের শক্তিতে বলিয়ান হয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলা করবো।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ গাজী আবু সাইয়িদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এএসপি সার্কেল শামসুজ্জামান বাবু, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এনামুল হক, টেলিভিশন ব্যক্তিত্ব মতিউর রহমান মাইকেল প্রমুখ।


