ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার পর সংখ্যালঘুদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক ‘মালাউনের বাচ্চা’ বলে বক্তব্য দিয়েছেন বলে বিশ্বাস করেন না আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। কারও কাছে ওই কথিত বক্তব্যের বিষয়ে প্রমাণ থাকলে আওয়ামী লীগকে তা দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
হানিফ বলেছেন, ছায়েদুল যদি সত্যি সত্যি এ ধরনের কথা বলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছায়েদুল হকের নির্বাচনী এলাকায় হিন্দুদের ১৫টি মন্দির ও শতাধিক ঘরবাড়িতে হামলা-ভাঙচুর হয়। অভিযোগ উঠেছে, ছায়েদুল হক এই ঘটনায় এলাকায় গিয়ে হিন্দুদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন।
ছায়েদুলের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মন্ত্রিসভা থেকে তার পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।
ছায়েদুল হক অবশ্য পরে সংবাদ সম্মেলন করে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এই বিষয়টি উল্লেখ করে হানিফ বলেন, ‘তিনি (ছায়েদুল) এলাকায় অনেক জনপ্রিয়। তিনি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ এই ধরনের শব্দ ব্যবহার করবেন- এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমরা এটা মানতে পারছি না।’
‘তারপরও যদি কারও কাছে কোনো প্রমাণ থাকে তাহলে আমাদেরকে তা দিলে আমরা ব্যবস্থা নেবো’-বলেন হানিফ।
নাসিরনগর হামলায় আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদের বক্তব্যেরও জবাব দেন হানিফ। বলেন, ‘এই হামলা বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের চক্রান্তের ফসল। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন তা সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করছে।’
হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে ২০০১ সালে ভোলার চরফ্যাশনে সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা হয়েছিল অভিযোগ করে হানিফ বলেন, ‘তার মত একজন লোককে নাসিরনগরে পাঠিয়ে বিএনপি হিন্দুদের সঙ্গে উপহাস করেছে।’


