বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা: ৭ ‘জেএমবির’ বিরুদ্ধে চার্জশিট

ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা: ৭ ‘জেএমবির’ বিরুদ্ধে চার্জশিটকুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সাত সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের সাত মাস পর সোমবার বিকালে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এম এ ফারুক অভিযোগপত্র দাখিল করেন।

এসআই ফারুক বলেন, মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় তদন্ত শেষে আদালতে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করা হয়ছে। হত্যা মামলায় ১০ জনের নামে অভিযোগপত্র দেওয়া হলেও ইতিমধ্যে মারা যাওয়ায় তা থকে তিন জনকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া বিস্ফোরক আইনে সাত আসামি হলেন জীবিত সাতজনের মধ্যে চারজন এবং মৃত তিন জন। তাই এই আইনের অভিযোগে আসামি রয়েছেন চার জন।

অভিযোগপত্রের আসামিরা হলেন, জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী, মো. গোলাম রব্বানী ওরফে আবদুল্লা, মো. মাহাবুব হাসান ওরফে মিলন, মো. হাসান ফিরোজ ওরফে মোখলেছ ও মো. আবু নাসির ওরফে রুবেল।

এদের মধ্যে বিস্ফোরক আইনের অভিযোগে রয়েছেন জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী ও মো. গোলাম রব্বানী ওরফে আবদুল্লা।

আসামিদের মধ্যে জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি এবং রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী পলাতক রয়েছেন।

এর মধ্যে রাজিব গান্ধী জেএমবির ‘উত্তরাঞ্চলের কমান্ডার’ বলে সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মারা যাওয়ায় দুই অভিযোগ থেকেই বাদ যাওয়া আসামিরা হলেন- খায়রুল ইসলাম ওরফে পায়েল ওরফে বাঁধন, মো. শফিউল আলম ওরফে সোহান ওরফে আবু মুকাদিল ওরফে ডন এবং মুহা. নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ওরফে বাশির।

পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, পুলিশ দীর্ঘ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। এ মামলায় নিরপরাধ, নিরীহ কাউকে জড়ানো হয়নি।

গত ২২ মার্চ সকালে কুড়িগ্রাম পৌরসভার গাড়িয়াল পাড়ার বাসিন্দা খ্রিস্টান ধর্মাবলম্বনকারী মুক্তিযোদ্ধা হোসেন আলীকে (৬৮) বাড়ির সামনে গলাকেটে হত্যা করে তিনজন যুবক।

মৃত্যু নিশ্চিত হবার পর হাতবোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে কলেজ পাড়া ও বকসী পাড়া দিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে অজ্ঞাতদের আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দয়ের করেন।

আরও পড়ুন