বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মাফিয়া’ দাউদ মার্চেন্ট কারামুক্ত

‘মাফিয়া’ দাউদ মার্চেন্ট কারামুক্ত বলিউডের গুলশান কুমার হত্যা মামলার আসামি আবদুল রউফ ওরফে দাউদ মার্চেন্ট বাংলাদেশে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে ঢাকায় কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

ঢাকা মহানগর হাকিম আদালতের নির্দেশে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে দাউদ মার্চেন্টকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হোসেন জানান, আদালতের আদেশনামা কারা দপ্তরে আসার পর তা যাচাই বাছাই করে রোববার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

তবে ভারতের এই ফেরারি আসামিকে সে দেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে কি না- সে বিষয়টি স্পষ্ট করেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এক প্রশ্নের জবাবে সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন “অবৈধ অনুপ্রবেশের দায়ে তার কারাবাসের মেয়াদ আগেই শেষ হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

গত ৩ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেয় ঢাকার হাকিম আদালত। সেই কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তার মুক্তির ব‌্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ধরা পড়ে পাঁচ বছর কারাগারে কাটিয়ে ২০১৪ সালের ২৯ নভেম্বর জামিনে মুক্তির পর ওইদিনই ফের ৫৪ ধারায় আটক হয়েছিলেন দাউদ মার্চেন্ট।

আইন অনুযায়ী ৫৪ ধারার আটকাদেশের আয়ুষ্কাল এক মাস হলেও দাউদ মার্চেন্টকে দীর্ঘ দিন কোনো ব‌্যাখ‌্যা ছাড়াই কারাগারে কাটাতে হয়। গত বছর ৯ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ৫৪ ধারার অভিযোগ থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করে, যা আদালতের অনুমোদন পায় প্রায় এক বছর পর।

চলতি বছরের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, দাউদ মার্চেন্টকে ভারতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া তারা শুরু করেছেন।

দুবাইয়ে থাকা ভারতীয় ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত দাউদ মার্চেন্ট ভারতের স্বনামধন্য প্রযোজনা সংস্থা টি-সিরিজের কর্ণধার গুলশান কুমার হত্যা মামলায় সে দেশে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি।

আরও পড়ুন