বুধবার ৪ নভেম্বর ২০২৬

হিলারি নির্দোষ, বলেছে এফবিআই

হিলারি নির্দোষ, বলেছে এফবিআইভোটের দু’দিন আগে হিলারি ক্লিনটনকে নির্দোষ ঘোষণা করলো কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। হিলারি ক্লিনটনের বহুল আলোচিত নতুন ইমেইলগুলোর মধ্যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি বলে রোববার জানিয়েছে সংস্থাটি। বিষয়টি ট্রাম্প শিবিরে বড় ধরণের ধাক্কা বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। খবর বিবিসি’র।

কংগ্রেস সদস্যদের প্রতি রোববার এ বিষয়ে চিঠি লেখেন এফবিআইয়ের পরিচালক জেমস কমি। ওই চিঠিতে কমি বলেছেন, সংস্থাটি পর্যালোচনা শেষে আগের অবস্থান পরিবর্তন করার মতো কোনো কিছু পায়নি। আমাদের পর্যালোচনার পর, সেক্রেটারি ক্লিনটনের বিষয়ে জুলাইয়ে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, তার পরিবর্তন হয়নি।

এর আগে জুলাইতে এফবিআই পরিচালক বলেন, মিসেস ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ব্যক্তিগত ইমেইল সার্ভারে স্পর্শকাতর জিনিসপত্র রাখার ক্ষেত্রে অসতর্ক থাকলেও তিনি কোনো অপরাধ করেননি।

জেমস কমির সেই চিঠি:komi-letter
ক্লিনটনের ইমেইলের বিষয়ে এফবিআইয়ের তদন্ত নতুন করে আবার শুরুর কথা জানিয়ে গত মাসের শেষ দিকে আইনপ্রণেতাদের কাছে লেখা কমির মূল চিঠিটি হোয়াইট হাউজ দখলের লড়াইকে টালমাটাল করে দেয়। এর ফলে জনমত জরিপে পিছিয়ে থাকা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে নতুন অস্ত্র হাতে পেয়ে যান।

এফবিআই পরিচালক তখন বলেছিলেন, নতুন আবিষ্কৃত এসব বার্তার মধ্যে কোনো গোপনীয় তথ্য আছে কি না তা তদন্ত করে দেখবে সংস্থাটি।

সেই তদন্ত শেষ। চিঠি লিখে তা রোববার জানিয়েছেন কমি। তিনি লিখেন, ”অসম্পর্কিত একটি অপরাধের তদন্ত করতে গিয়ে একটি যন্ত্র থেকে ইমেইলগুলো পাওয়া যায়। সেগুলো গোছানোর পর তা মূল্যায়নের জন্য এফবিআই তদন্ত দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছে। এই প্রক্রিয়া চলাকালে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটনের আদানপ্রদান করা সমস্ত ইমেইল আমরা খুঁটিয়ে দেখেছি। সংক্ষিপ্ত সময়ে উচ্চ মানের বিশাল কাজ শেষ করায় আমি এফবিআইয়ের পেশাজীবীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।”

এই খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনী প্রচারণায় থাকা ক্লিনটনের জনসংযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি সাংবাদিকদের বলেন, ”বিষয়টির নিষ্পত্তি হওয়ায় আমরা খুবই আনন্দিত।”

আরও পড়ুন