বিয়ের ফাঁদ পেতে অস্ট্রেলিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে বিকাশে টাকা দাবির অভিযোগ উঠেছে।
কয়েকটি জাতীয় দৈনিকে ‘জরুরি হিন্দু পাত্র চাই’ শিরোনামে ‘অস্ট্রেলিয়ার সিটিজেন সাহা সুন্দরী, বয়স (৩৫) বিধবা বন্ধ্যা পাত্রীর ব্যবসা দেখার জন্য যে কোনো জেলার বয়স্ক সন্তানসহ পাত্র চাই’ – এমন একটি বিজ্ঞাপন দিয়ে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়।
ওই বিজ্ঞাপন দেখে সুনামগঞ্জের তাহিরপুরের এক ব্যবসায়ী ও অপর এক যুবক মুঠোফোনে যোগাযোগ করলে তাদেরকে বিয়ের পর অস্ট্রেলিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে গত দু’দিন ধরেই বিকাশে আগাম টাকা দাবি করা হয়।
ওই দু’জনের একজনকে ([email protected] ) এই ই-মেইল থেকে পাত্রীর ছবিও পাঠানো হয়।
বিকাশে টাকা দেয়ার জন্য ওই চক্রটি ০১৭০৮১৮১০৫৬ মুঠোফোন এ আলাপকালে এক ব্যবসায়ীর নিকট ৩০ হাজার টাকা আগাম দাবি করে শনিবার ব্যক্তিগত বিকাশ ০১৭৯৩৩৩৮৪১৪ নম্বরে ১০ হাজার টাকা আগাম পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে।
এরপর বলা হয় বিয়ের সময় বাকি ২০ হাজার টাকা দিলেই চলবে।
অপর এক যুবকের সঙ্গে ‘ম্যাডামের’ ব্যক্তিগত সহকারী পরিচয়ে ১ হাজার টাকা প্রথমে বিকাশে পাঠানোর কথা বলা হয়।
বিষয়টি ওই ব্যবসায়ী ও যুবক স্থানীয় গণমাধ্যমকে জানালে শনিবার ওই দুটি নম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে এক সময় ওই কথিত পাত্রী আরেক সময় ওই পাত্রীর চাচা ব্যক্তিগত সহকারী পরিচয়ে টাকা বিকাশ করার তাগিদ দেন।


