বুধবার ৪ নভেম্বর ২০২৬

দলের সিদ্ধান্ত নিয়েই নির্বাচন করবো: আইভী

দলের সিদ্ধান্ত নিয়েই নির্বাচন করবো: আইভীনারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভায় মেয়র আইভীর নাম না রেখে তিনজনের নাম প্রস্তাব করার সিদ্ধান্তে মেয়র আইভী বলেছেন, দলের সিদ্ধান্ত নিয়েই আমি নির্বাচন করবো। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবো না।

তিনি বলেন, একজন প্রভাবশালী নেতার নির্দেশেই মহানগর আওয়ামী লীগের একটি অংশ এ কাজটি করেছে। মহানগর আওয়ামী লীগের একটি অংশ তড়িঘড়ি করে প্রভাবশালী নেতার নির্দেশেই এই সিদ্ধান্ত হয়েছে। মহানগর আওয়ামী লীগ অনেক আগেই থেকে দুই ভাগে বিভক্ত। এর একটি অংশ এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। আমার এমন কোনো নেগেটিভ কাজ নেই যে দলকে পিছিয়ে দিয়েছে।

নারায়ণগঞ্জের মানুষের জন্য দলমতের ঊর্ধ্বে থেকে উন্নয়নমূলক কাজ করেছি। এটা দলের জন্য পজিটিভ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাভাপতি মুজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের কথা জানান মহানগর আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি চন্দন শীল।

সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, কেন্দ্র থেকে আগামী ২০ নভেম্বরের মধ্যে মেয়র প্রার্থীর প্রস্তাব পাঠানোর জন্য নারায়ণগঞ্জ মহানগর কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে মহানগর কমিটির আজকের সভায় গৃহীত প্রস্তাব কেন্দ্রে পাঠানো হবে। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্তের বিষয়ে মেয়র আইভীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তবে এ বিষয়ে দলীয় নেতাকর্মীরা বলছে আইভীর সঙ্গে বিরোধিতার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আইভীর নাম রেখেই নির্বাচন বোর্ডের কাছে প্রস্তাব পাঠাতে পারতো। আর আইভীকে বাদ রেখে নামের তালিকা করার বিষয়টি নারায়ণগগঞ্জের রাজনৈতিক মহলে একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফছিল ঘোষণার পরে নারায়ণগঞ্জের সর্বমহলে নির্বাচনের হাওয়া লেগেছে। চায়ের দোকান কর্মস্থল, আড্ডায় এক মাত্র আলোচনার বিষয় সিটি নির্বাচনে কোন দল থেকে কে হচ্ছেন মেয়র প্রার্থী।

আরও পড়ুন