ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে আইজিপির কাছে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেন।
বুধবার বিকেলে মুঠোফোনে এ কথা জানিয়েছেন তিনি।
মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘তদন্ত শেষ হয়েছে। ঘটনা কী কারণে, হামলা কারা করেছে, নেপথ্যে কে ছিল, সবকিছু নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগী পরিবার এবং গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের পরীক্ষা-নিরীক্ষা করেই তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন চলছে চূড়ান্তভাবে ডকুমেন্ট তৈরির কাজ। বৃহস্পতিবার না হলেও আগামী রোববার এসব কাজ শেষ করে প্রতিবেদন আইজিপির কাছে দেওয়া হতে পারে।’
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বলেন, ‘প্রতিবেদন জমা দিলে তা সংশ্লিষ্ট শাখায় জমা হবে। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত তেমন কোনো রেকর্ড হয়নি। তদন্ত প্রতিবেদন আসলে অবশ্যই আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হবে।’
নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে গঠিত চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চালানো হয়। হামলার ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে ২ হাজার ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে আরো দুটি মামলা করে।


