আওয়ামী লীগের ধ্বংসের জন্য দলটির একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুরপাড়া পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
বঙ্গবীর বলেন, আওয়ামী লীগকে ধংস করার জন্য আওয়ামী লীগের একটি মহল ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞ মানুষ। তিনি সবই বুঝেন। এজন্য তাকে সজাগ থাকতে হবে।
সাঁওতাল পল্লীতে হামলার বিচার না হলে আওয়ামী লীগকে পরবর্তীতে পস্তাতে হবে বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, নাসিরনগরের চেয়েও জঘন্যতম ঘটনা সাহেবগঞ্জ সাঁওতাল পল্লীতে হামলা।
সাঁওতাল পল্লী পরিদর্শনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতাকর্মীরা।


