বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাক্ষী তলবে পুলিশের ক্ষমতার অপব্যবহারে কেন পদক্ষেপ নয়: হাইকোর্ট

সাক্ষী তলবে পুলিশের ক্ষমতার অপব্যবহারে কেন পদক্ষেপ নয়: হাইকোর্টফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় পুলিশ কর্মকর্তাদের সাক্ষী তলবের ক্ষমতার অপব্যবহার রোধে কেন আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

সেইসঙ্গে ওই ধারার অপব্যবহার করার অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে ৪ ডিসেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, আইজিপি, গাজীপুরের এসপি, গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি ও উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদন থেকে জানা যায়, ট্রেড ইন্টারন‌্যাশনাল নামের একটি ব‌্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক মো. ওলি উল্লাহ গাজীপুরের গোয়েন্দা পুলিশের কাছে ক্যাকটাস প্রিন্টিং অ‌্যান্ড প্যাকেজিং কোম্পানির এমডি আশিষ কুমার শর্মার বিরুদ্ধে ৩১ লাখ ৯০ হাজার টাকা পাওনা পরিশোধ না করার বিষয়ে অভিযোগ করেন।

এরপর গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজ গত ৬ নভেম্বর আশিষ শর্মার নামে একটি চিঠি পাঠান যেখানে তাকে ১৬০ ধারা অনুযায়ী ডিবি কার্যালয়ে হাজির হতে বলা হয়।

ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করেন আশিষ কুমার শর্মা। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

সোমবার শুনানির পর উজ্জ্বল হোসেন বলেন, “ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার ক্ষমতাবলে কেবল নিয়মিত মামলার তদন্তের স্বার্থে সাক্ষীদের ডাকা যায়। এ ক্ষেত্রে মামলা না হলেও ওই ধারায় তলব করে নিয়মের বত‌্যয় ঘটানো হয়েছে।”

আরও পড়ুন