বুধবার ৪ নভেম্বর ২০২৬

অস্ত্রধারী ছাত্রলীগের দুই নেতার জামিনের খবর গোপন থাকলো ৫ দিন

অস্ত্রধারী ছাত্রলীগের দুই নেতার জামিনের খবর গোপন থাকলো ৫ দিনরাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্র হাতে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে থাকা ছাত্রলীগের দুই নেতা আদালত থেকে জামিন পেয়েছেন।

তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

গত ২৭ অক্টোবর অভিযানের সময় অস্ত্র হাতে তাদের ছবি সংবাদপত্রে আসার পর সমালোচনার মুখে দুজনকেই বহিষ্কার করে সরকার সমর্থক ছাত্র সংগঠনটি। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করলেও দুজনের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এর মধ‌্যে গত ১৭ নভেম্বর তারা ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বলে মঙ্গলবার প্রকাশ পায়।

তাদের জামিন দেন ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম।

ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান জিজ্ঞাসায় বলেন, “তারা পলাতক ছিল। গত ১৭ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে তাদের আইনজীবী শাহাদাত হোসেনের মাধ্যমে জামিন নিয়েছে।”

গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের মধ্যে গোলাপী ফুলহাতা শার্ট পরিহিত সাব্বির রহমানকে রিভলবার উঁচিয়ে গুলি করতে দেখা যায়। সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরা আশিকের হাতে দেখা যায় পিস্তল।

সংবাদপত্রে ছবি আসার পর ছাত্রলীগ তাদের বহিষ্কার করলে ১ নভেম্বর শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক এই দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

আরও পড়ুন