বুধবার ৪ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুন, দগ্ধ ২৩

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুন, দগ্ধ ২৩সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে শিল্পাঞ্চলের জিরাবো এলাকার কালার ম্যাচ বিডি লিমিটেড নামক গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় কমপক্ষে ২৩ নারী শ্রমিক দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে উত্তরা ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

দগ্ধ শ্রমিকদের বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) হারুন অর রশিদ বলেন, “এখানে ১৩ নারীকে দগ্ধ অবস্থায় নিয়ে আসে। তাদের মধ্যে ৪/৫ জনের ৯০ শতাংশ এবং বাকিদের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।”

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অগ্নিদদ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশী হওয়ায়, সাভার, উত্তরাসহ ফায়ার সার্ভিসের আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সাথে যোগ দেয়। তবে কারখানাটিতে দিয়াশলাই তৈরির একাধিক ক্যামিকেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।

এব্যপারে উত্তরা ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামারাই, সাভার, উত্তরা, মিরপুর হেড অফিস থেকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারখানাটির ভেতরে দিয়াশলাই তৈরির ক্যামিকেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও কারখানাটির ভেতরে প্রবেশের পথ সরু হওয়ায় তাদের আগুন নেভানোর কাজ শুরু করতে একটু বিলম্ব হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ডিইপিজেড, উত্তরা, সাভার, ধামরাই থেকে আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইটারের কারখানা হওয়ায় আগুনের তীব্রতা বেশি ছিল। আগুনের শিখা ঘটনাস্থলের অনেক দূর থেকে দেখা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কারখানায় গ্যাস মজুদ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ভেতরে কেউ আটকা পড়েছে কি না- সেটি সার্চ করা হচ্ছে।

আরও পড়ুন