মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নের নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “পাশ্বর্বতী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলছে। আপনি প্রধানমন্ত্রী, আপনি বসে আছেন। আপনি একটি কথাও বলেন না।”
“জাতিসংঘ বলেছেন, যারা নিরাপত্তার জন্য এখানে আসতে চায়, সীমান্তটা খুলে দিন। আপনি সেটাও করেন নাই। প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব ছিল- আজকে যারা সেখানে গণহত্যার শিকার হচ্ছে, সেখান থেকে প্রাণভয়ে পালিয়ে আসছেন, তাদেরকে নিরাপত্তা দেওয়া।”
রিজভী বলেন, “বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বত্র পাঁচবার আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে একেবারে আপনার বাড়ির সাথে লাগানো একটি জায়গা কী নির্মমভাবে, কী নিষ্ঠুর ভাবে পরিবারের পর পরিবার গণহত্যার শিকার হচ্ছে, তার বিষয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা সরকারের এই নির্বিকার ভূমিকার তীব্র নিন্দা জানাই।”
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও ফরিদা ইয়াসমীন বক্তব্য রাখেন।


