কৌশলে সাভার থেকে ধামরাইয়ে নিয়ে দুই স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চার যুবককে আটক করেছে।
মঙ্গলবার সকালে সাভারের ব্যাংক কলোনি ও ধামরাই ফুটনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর মহল্লার আব্দুল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২০), একই গ্রামের ইছাক মিয়ার ছেলে সুমন মিয়া (২২), সাভার উপজেলার তারাপুর মহল্লার আতাউর হাসানের ছেলে সাকিব হাসান সুরুজ (২৩) ও একই মহল্লার মানিক মিয়ার ছেলে আকাশ মিয়া (১৮)।
মঙ্গলবার ওই দুই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পরিবারের বরাত দিয়ে এসআই মাসুদুর জানান, সাভার পৌর এলাকার একটি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে দুইটি সোমবার বিকালে সাভারের এলাকার তারাপুর মহল্লায় বিজয় মেলায় বেড়াতে যায়। এ সময় তারাপুর এলাকার সুরুজ ও আকাশ তাদের ফুসলিয়ে ধামরাইয়ের ফুটনগর এলাকায় নিয়ে যায়।
“এরপর সন্ধ্যা হয়ে গেলে সেখানে তাদের আরও পাঁচ বন্ধু উপস্থিত হয় এবং মেয়ে দুটিকে ধর্ষণ করে ফেলে যায়।”
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সাভার মডেল থানায় নিয়ে যায়। তবে ঘটনাস্থলটি ধামরাই থানা হওয়ায় সেখান থেকে তাদের ধামরাই থানায় পাঠিয়ে দেওয়া হয় বলে জানান এসআই।
তিনি বলেন, “পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই সাতজনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে সাভারের ব্যাংক কলোনি ও ধামরাই ফুটনগর এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় এক ছাত্রীর মা বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা করেছেন বলেও জানান এসআই মাসুদুর।


