বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুর্নীতিবাজ ব্যবসায়ী-আমলাদের ষড়যন্ত্রে পরাস্ত তারানা হালিম!

দুর্নীতিবাজ ব্যবসায়ী-আমলাদের ষড়যন্ত্রে পরাস্ত তারানা পদত্যাগ করছেন?দুর্নীতিবাজ ব্যবসায়ী ও আমলাদের সিন্ডিকেট গড়ে উঠা মাফিয়াদের কাছে পরাজিত হয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম পদত্যাগ করে চলে যাচ্ছেন! এমন গুঞ্জন চারদিকে শোনা যাচ্ছে। বহুল আলোচিত এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অবৈধ ভিওআইপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সৎ, সাহসী এই প্রতিমন্ত্রী তারানা হালিম অনেকক্ষেত্রেই পরিবর্তন এনে সাফল্য অর্জন করেছিলেন। এর মধ্যে মোবাইল ফোনের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন ছিল একটি বড় চ্যালেঞ্জ। শত সমালোচনার মুখে তিনি সেখানে জিতেছেন। বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন।

সৎ, সাহসী হলেও একগুঁয়ে, জেদী ও আত্নমর্যাদাসম্পন্ন এই প্রতিমন্ত্রী এতটাই আবেগপ্রবণ যে, চারদিকের নানা মন্তব্য আর মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে কোনো কোনো জায়গায় সহায়তা না পাওয়া তাকে ক্লান্ত ও ত্যক্ত-বিরক্ত করে ফেলেছে। নানা সূত্র এমন আভাস দিয়ে বলছে, কয়েকদিন থেকেই তিনি মন্ত্রণালয়ে যাচ্ছেন না। এমনকি সর্বশেষ মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত হননি।

সততা ও কর্মদক্ষতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী তারানা হালিমকে খুবই পছন্দ করেন। স্নেহ দিয়ে আগলে রাখেন। কিন্তু নানা সূত্র জানিয়েছে, বিশেষ করে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ঘিরে দীর্ঘদিন যে দুর্নীতিবাজ ব্যবসায়ী ও আমলাদের সিন্ডিকেট গড়ে উঠেছিল, দায়িত্বে আসার পর তারানা হালিম তাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এই সিন্ডিকেট প্রতি পদে পদে নানামূখী তৎপরতা চালিয়েছেন। ষড়যন্ত্রের জাল বুনেছেন। কাজের জায়গায় সহায়তা না দেয়ারও ব্যবস্থা কোথাও কোথাও করেছেন। এমনকি বিরূপ মন্তব্য ও অপদস্ত করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারানা হালিম একা অসহায়ের মতো মুখ বুঝে সব সইতে সইতে ক্লান্ত হয়ে এমন জায়গায় এসে দাঁড়িয়েছেন, যেকোনো সময় পদত্যাগ করেই চলে যেতে পারেন।

তারানা হালিমের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যাদের ব্যবসা তারা আইন, বিধি-বিধান অনুযায়ী যা পাওয়ার তা পাচ্ছেন। এতে করে কোথাও কমিশন দূরে থাক, এককাপ চাও খাওয়াতে হচ্ছে না। কিন্তু তারানা হালিম সৃষ্ট এ পরিবেশ দুর্নীতিগ্রস্ত মাফিয়া সিন্ডিকেট মানতে পারছে না। এমনি পরিস্থিতিতে ভিতরে ভিতরে লড়তে গিয়ে তারানা হালিম অনেকটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। যেকোনো মুহূর্তে পদত্যাগ করে বসতে পারেন।

আরও পড়ুন