বুধবার ৪ নভেম্বর ২০২৬

আমেরিকার তিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদন

আমেরিকার তিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদনযুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন রাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে।

অল্পের জন্য ওই রাজ্যে জয় পাননি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। অবশ্য এ বিষয়ে রিপাবলিকান শিবির থেকে এখনও কোনো বক্তব্য আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন জমা পড়ল। খবর বিবিসির।

গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন এই আবেদন করেন। একই সঙ্গে তিনি মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনরায় গণনারও অনুরোধ করেছেন।

এখন উইসকনসিনে পুনর্গণনায় হিলারি ক্লিনটন জয় পেলেও ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেয়া সম্ভব হবে না। এখানে মাত্র ১০টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। তবে মিশিগানে ১৬টি ও পেনসিলভানিয়ায় ২০টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। তাই এই দু’টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটরা জয়ী হলে নির্বাচনের ফল ঘুরেও যেতে পারে।

মিশিগানের ভোটের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। পেনসিলভানিয়ায় ভোট পুনর্গণনার শেষ সময় সোমবার এবং মিশিগানে ভোট পুনর্গণনার শেষ সময় বুধবার।

আবেদনকারী গ্রিন পার্টির মনোনীত প্রার্থী জিল স্টেইন  ‘ভোট কার্যক্রমে অনিয়মের সুস্পষ্ট প্রমাণের’ পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় ভোট গণনার জন্য তহবিল সংগ্রহ করছেন। তিনি বলেন, রাজ্য কর্তৃপক্ষের প্রকাশ করা উপাত্ত বিশ্লেণ মোট ভোট গণনার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অনিয়ম’ পাওয়া গেছে।

এক বিবৃতিতে স্টেইন বলেন, ‘২০১৬ সালের নির্বাচন আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার আগেই এসব বিষয় নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। বিশ্বাসযোগ্য নির্বাচনই আমাদের প্রাপ্য।’

ভোট পুনর্গণনার অনুরোধ পেয়েছে জানিয়ে উইসকনসিন ইলেকশন কমিশন টুইট বার্তায় বলেছে, এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

অন্যদিকে ডক্টর স্টেইন একটি টুইটে লিখেছেন, আগামী সপ্তাহেই ভোট পুনর্গণনা শুরু হবে।

এদিকে এই ভোট গণনার জন্য ফি হিসেবে জিল স্টেইনের প্রচার অফিসকে লাখ লাখ ডলার যোগাড় করতে হবে।

যদিও মার্কিন কর্মকর্তারা বলে আসছেন, গত ৮ নভেম্বরের নির্বাচনে এই তিন স্টেটে কোনো ধরনের প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি।

ট্রাম্পের ক্যাম্প থেকে অবশ্য ভোট পুনর্গণনার বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি।

আরও পড়ুন