বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপি-ইউএনওসহ ৬শ’ জনের বিরুদ্ধে সাঁওতালদের মামলা

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি হিসেবে গোবিন্দগঞ্জের সংসদ সদস্য, ইউএনও এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাত ৫-৬শ’ জনকে আসামি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানিয়েছেন, শনিবার গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লী হরিণাবাড়ি নতুনপুর গ্রামের মাহিলে হেমব্রমের ছেলে সমেশ হেমব্রম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

সমেশ হেমব্রম বাগদা সাহেবগঞ্জ আদিবাসী ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অন্যতম সদস্য।

মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে। আসামি হিসেবে অন্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আছেন- গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, সাপমারা ইউপি সদস্য মোশাররফ হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম, সাবেক সদস্য শহিদুল ইসলাম, ইক্ষু খামারের ম্যানেজার আব্দুল মজিদ এবং চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- সাঁওতালদের অবৈধভাবে উচ্ছেদ, অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর, লুটপাট, হত্যা এবং ভূমি উদ্ধারের নামে অবৈধভাবে চাঁদা আদায় করে কয়েক লাখ টাকা আত্মসাত করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকাস্থ আইন ও শালিস কেন্দ্র, আমরাও পারি, এএলআরডি, নিজেরা করি, ব্লাস্টড ও লিড নামের মানবাধিকার সংগঠনের সহযোগিতায় এ মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন