বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাসিক নির্বাচন: প্রথমদিনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। শনিবার যাচাই-বাছাইয়ের প্রথমদিনে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মোট ১৮টি (১ থেকে ১৮নং ওয়ার্ড) ওয়ার্ডের আগ্রহী কাউন্সিলর প্রার্থীদের মনোয়নপত্র বাছাই করা হয়।

এর মধ্যে ১০জনের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে নয়জন এবং সংরক্ষিত মহিলা আসনে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আগামীকাল রোববার মেয়র পদসহ বাকি ওয়ার্ডগুলোর সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাইশেষে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন, ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে ঋণখেলাপিসহ বিভিন্ন ত্রুটির কারণে নয়জনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়নপত্র বৈধ হয়েছে ১১৬ জনের।

অপরদিকে নয়টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ছয়টি আসনে আজ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি মনোনয়নপত্র ঋণখেলাপির কারণে বাতিল হয়। মনোনয়নপত্র বৈধ হয়েছে ৩২ জনের। সংরক্ষিত মহিলা আসন-২ (৪, ৫, ৬)-এ ঋণখেলাপির কারণে সুমী বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে ঋণখেলাপির কারণে মো. সুমন গাজী, সিটি করপোরেশনের ট্যাক্স বকেয়ার কারণে ৩ নম্বর ওয়ার্ডে নূর আলম এবং ৫ নম্বর ওয়ার্ডে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে মুহাম্মদ সানভীমের মনোনয়ন বাতিল হয়েছে।

ঋণখেলাপির কারণে ৭ নম্বর ওয়ার্ডে আবুল কালাম এবং ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার, একই ওয়ার্ডের ফয়েজ আহমেদ এবং ঋণখেলাপির জামিনদার হওয়ায় ১৪ নম্বর ওয়ার্ডের দিদার খন্দকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ ছাড়া সিটি করপোরেশনের ট্যাক্স বকেয়া থাকার জন্য ১২ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহমান লিটনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাইয়ের পর ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আটজন, ২ নম্বর ওয়ার্ডে নয়জন, ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ৪ নম্বর ওয়ার্ডে নয়জন, ৫ নম্বর ওয়ার্ডে নয়জন, ৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৭ নম্বর ওয়ার্ডে নয়জন, ৮ নম্বর ওয়ার্ডে আটজন এবং ৯ নম্বর ওয়ার্ডে ১২ জন ভোটের লড়াইয়ে থাকছেন।

এ ছাড়া ১০ নম্বর ওয়ার্ডে ১০ জন, ১১ নম্বর ওয়ার্ডে চারজন, ১২ নম্বর ওয়ার্ডে চারজন, ১৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ১৪ নম্বর ওয়ার্ডে চারজন, ১৫ নম্বর ওয়ার্ডে ছয়জন, ১৬ নম্বর ওয়ার্ডে সাতজন, ১৭ নম্বর ওয়ার্ডে তিনজন ও ১৮ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন