আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন থেকে ফিরে আসার পরদিনই তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ক্ষমতাসীন দলের দুই শীর্ষনেতার মধ্যে ঘণ্টাখানেক একান্তে কথা হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টু রোডের সৈয়দ আশরাফের বাসায় যান ওবায়দুল কাদের। প্রায় একঘণ্টা অবস্থানের পর দুপুর দেড়টার দিকে আবার বেরিয়ে যান তিনি।
ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীকে দেখতেই তার বাসায় যান বর্তমান সাধারণ সম্পাদক।
এ সময় কুশলাদি বিনিময়ের পর দুই নেতা একান্তে আলাপ-আলোচনা করেন।
সূত্র আরো জানায়, সৈয়দ আশরাফের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দল পরিচালনায় ওবায়দুল কাদের পরামর্শ চান। এসময় সাবেক সাধারণ সম্পাদককে দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নেয়ার অনুরোধ জানান ওবায়দুল কাদের। সৈয়দ আশরাফ জানান, বড় কোনো সমস্যা না থাকলে এখন থেকে দলীয় অনুষ্ঠান-কর্মসূচিগুলোতে যাবেন।
দলের প্রভাবশালী দুই নেতার সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মিঠু ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
প্রসঙ্গত, গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলনের পর সৈয়দ আশরাফ বেশ কিছু দিনের জন্য লন্ডনে পারিবারিক সফর করেন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে আসে পরিবর্তন। সৈয়দ আশরাফের বদলে এ পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের। লন্ডন সফর শেষে সম্প্রতি দেশে ফেরেন সৈয়দ আশরাফ।


