বুধবার ৪ নভেম্বর ২০২৬

বোলার মিরাজের ব্যাটিং মুগ্ধতা

বোলার মিরাজের ব্যাটিং মুগ্ধতা‘বোলার’ মেহেদী হাসান মিরাজের প্রশংসা তো বিশ্বজুড়ে। এবার বিশ্ব দেখল ‘ব্যাটসম্যান’ মিরাজের নান্দনিক ব্যাটিং, যে ব্যাটিং মুগ্ধতা ও সৌরভ ছড়িয়েছে।

মিরপুর শের-ই-বাংলায় রাজশাহী কিংসের মিরাজ যখন ব্যাটিংয়ে এলেন দলের রান ৬ উইকেটে ৪১। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই আরও ১ উইকেটের পতন। কি করবেন মিরাজ! দলের স্কোরবোর্ডে কত রানই বা যোগ করবেন? আগের ৬ ইনিংসে মাত্র ২০ রান করা মিরাজের থেকে প্রত্যাশা বেশি করার কথা না।

কিন্তু আফ্রিদিকে যেভাবে বাউন্ডারি মেরে শুরু করলেন তাতে মনে হচ্ছিল ২০ ওভার পুরো খেলতে পারলে মিরাজ কিছু একটা করে বসবেনই! করে বসলেন মিরাজ। ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় মিরাজের রান ৪১। আফ্রিদির বলে সাব্বির আউট। ওই ওভারের শেষ বলে পয়েন্ট ও শর্ট থার্ড ম্যান অঞ্চল দিয়ে মিরাজ কাট করে বল পাঠালেন বাউন্ডারিতে।

এরপর সিঙ্গেল ও ডাবলসে বড় সংগ্রহের ইঙ্গিত মিরাজের। শেষ দুই ওভারে মিরাজ হাত খুলে খেললেন। সানীর করা ১৯তম ওভারের প্রথম বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি। এরপর রুবেলের করা ২০তম ওভারের প্রথম বলে শর্ট ফাইন লেগ দিয়ে বল পাঠালেন বাউন্ডারিতে। পরের বলটিতে হাওয়ায় ভাসিয়ে লং অফ দিয়ে ছক্কা! অসাধারণ মিরাজ। এরপর ১ রান নিয়ে আর ব্যাটিংয়ের ‍সুযোগ পাননি। শেষ ৩ বল খেলেন ফরহাদ রেজা। মিরাজ অপরাজিত থাকলেন নন স্ট্রাইকে থেকে। তবে মিরাজের ইনিংস বড় করার পিছনে বড় অবদান ফরহাদ রেজারও।

দু’জন অষ্টম উইকেটে যোগ করেন ৮৫ রান যা বিপিএলে এ উইকেটে সর্বোচ্চ। ফরহাদ রেজা ৩২ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন যা তার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। তাদের দুজনের প্রতিরোধে রংপুরের বিপক্ষে ১২৮ রানের পুঁজি পেয়েছে রাজশাহী। জাতীয় দলে অভিষেকের পর নিজের বোলিং প্রতিভা দেখিয়েছেন মিরাজ। প্রতিভা দেখিয়ে যাচ্ছেন বিপিএলেও। এবার সুযোগ পেয়ে শুধু ব্যাটিং প্রতিভা দেখালেন না উপরে ব্যাটিংয়ের জোর দাবিও তুললেন।

আরও পড়ুন