সাবিনা ইয়াসমিন (২১) নামের সরকারি কবি নজরুল কলেজের এক ছাত্রী মারা গেছেন। রোববার রাতে মুমূর্ষু অবস্থায় সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তাঁর স্বজনরা।
সাবিনার স্বজনরা দাবি করেছেন, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হাসপাতালে আনার পর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা সাবিনাকে মৃত ঘোষণা করেন।
সাবিনা খিলগাঁওয়ে গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকার বাসিন্দা।
সাবিনার দুলাভাই আলী আকবর জানান, সন্ধ্যায় নিজ বাসায় সাবিনা গলায় ফাঁস দেয়। পরে তাঁকে ঘর থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাবিনা কী কারণে ‘আত্নহত্যা’ করেছে তা জানাতে পারেননি তিনি।
আলী আকবর জানান, সাবিনা সরকারি কবি নজরুল কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সাবিনার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


