ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও দুই নিহতের ঘটনা তদন্তে আরেকটি কমিটি গঠন করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় চারটি তদন্ত কমিটি গঠন করা হলো।
অপর তিনটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা পুলিশ কার্যালয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজ বলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার তিন সদস্যের এ কমিটি গঠন করেছেন।
অতিরিক্ত ডিআইজি আক্কাস আলী ভুঁইয়ার নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন তিনি নিজে এবং ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুনর রশীদ, বলেন নেওয়াজ।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারীর সফর আলী (৭০) মারা যান।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত থাকা ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিরা তরফদার বলেন, তদন্ত কমিটির সদস্যরা ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ পরিদর্শনকালে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং কলেজের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন।
কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, “আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেশ করবেন বলে কমিটির প্রধান জানিয়েছেন।”
এলাকায় জানমালের রক্ষার স্বার্থে ফুলবাড়ীয়া পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা বহাল থাকবে বলেও ইউএনও জানান।
হত্যার বিচার দাবিতে মানববন্ধন:
ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ শিক্ষক আবুল কালাম আজাদের হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ শহরে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ফুলবাড়িয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদ।
এতে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত শিক্ষক আবুল কালাম আজাদের মেয়ে সমীহা আজাদ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মনিরা বেগম মনু, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি অনীক সরকার উদয় প্রমুখ।
সমীহা আজাদ তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারসহ ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ করে বাবার ইচ্ছা পূরণ করতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন করেন।


