বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপি বিদেশিদের কাছে নালিশের রাজনীতি করছে: কাদের

বিএনপি বিদেশিদের কাছে নালিশের রাজনীতি করছে: কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ৫ জানুয়ারির নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নিলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যভাবেও লেখা হতে পারতো। বিএনপি জনগণের প্রতি আস্থা হারিয়ে বিদেশিদের কাছে নালিশের রাজনীতি করছে।’

মঙ্গলবার খাগড়াছড়ি এবং রামগড়ে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগের দেওয়া পৃথক দুটি গণসংবর্ধনায় কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চুক্তির নব্বই ভাগ এ সরকারের মেয়াদে বাস্তবায়িত হবে। ইতিমধ্যে ভূমি সমস্যা নিরসনে কমিশনের আইন সংশোধন করে বিরোধ নিষ্পত্তির জন্য কাজ শুরু হয়েছে। উন্নয়নের মাধ্যমে পাহাড়ের দারিদ্র্যতাকে জাদুঘরে পাঠানো হবে।

তিনি আরও বলেন, যারা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে তাদের ক্ষমা নেই। দলে কোন্দল, কলহ সৃষ্টি করলে তাদের দলে থাকার অধিকার নেই। বসন্তের কোকিলদের জন্য যেন দলের ত্যাগী নেতারা কোণঠাসা না হয়।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা, রাঙ্গামাটি আসনের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

আরও পড়ুন