প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছেন। মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো রেস্তোরাঁয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি পুলিশ-সিআইডি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। সামদোদো রেস্টুরেন্টে শাকিলের লাশ দেখতে এসে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজে শাকিলের লাশের ময়নাতদন্ত করা হবে। বিষয়টি আপাতত সিআইডি-পুলিশ খতিয়ে দেখছে।
উল্লেখ্য ইতোমধ্যে সামদোদো রেস্টুরেন্টের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হক শাকিল অতিরিক্ত সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) হিসেবে কাজ করছিলেন।
মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।


