বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদার তিনঘন্টার ‘হাইলি-রেস্ট্রিকশন’ জরুরি বৈঠক

আনুষ্ঠানিক কোনও আহ্বান ছাড়াই দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে ‘হাই রেস্ট্রিকটেড’ আলোচনা করেছেন  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পাঁচ নেতা ও এক জন অর্থনীতিবিদকে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় রাত ১২টার দিকে।

তবে বৈঠকের বিষয়ে অফিসিয়াল কোনও ঘোষণা দেয়নি বিএনপি।’এ বিষয়ে কোনভাবেই মুখ খোলা যাবে না’  উল্লেখ করে অংশগ্রহণকারী নেতারা জানিয়েছেন , বৈঠকের আলোচনা ও বিষয়বস্তু চেয়ারপারসনের পক্ষ থেকে ‘হাইলি-রেস্ট্রিকটেড’ আছে।

রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ বৈঠকের বিষয়ে আগে থেকে কোনও ঘোষণা দেওয়া হয়নি। খালেদা জিয়ার আহ্বানে দ্রুত এ বৈঠকে ডাকা হয় সবাইকে।

প্রায় তিনঘণ্টা চলা  বৈঠকের বিষয়ে কোনও ইঙ্গিতও দিতে রাজি হননি বিএনপির নেতারা। তবে মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করা কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের  জানিয়েছেন , ‘আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি বিএনপিকে ডেকেছেন। এক্ষেত্রে গুলশানে অবস্থানকারী নেতাকর্মীদের ধারণা, বৈঠকে রাষ্ট্রপতিকে কী প্রস্তাব দেওয়া হবে, প্রস্তাবে কাদের নাম যুক্ত করা হবে এবং পরবর্তী নির্বাচন নিয়ে সরকারের করণীয় কী হতে পারে, এসব বিষয় নিয়ে বিএনপির প্রস্তাবগুলো আজ রাতে আলোচনা হয়েছে।’

এদিকে, বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান রাত পৌনে একটায় সাংবাদিকদের জানান,  ‘বৈঠকের বিষয়ে আমি অফিসিয়ালি নোটিশড হইনি। এ কারণে আমি কিছুই বলতে পারব না।’

তবে তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপিপন্থী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ।

বৈঠকে অংশগ্রহণকারী স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি  বলেন, ‘কোনও কথাই বলব না। ম্যাডামের ‘হাইলি-রেস্ট্রিকশন’ রয়েছে।’

বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কথা বলতে রাজি হননি বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে কয়েকবার  ফোন করা হলে তিনি  বলেন, ‘না, কোনও কথাই বলতে পারব না।’ একই কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদও। তিনি বলেন, ‘নেত্রীর নিষেধ আছে, স্যরি।’

আরও পড়ুন