রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার দিবাগত রাত থেকে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন। তাদের মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।
কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, “জাহিদের স্ত্রী ও মেয়ে আত্মসমর্পণ করেছে। তাদের সঙ্গে আত্মসমর্পণ করেছে নব্য জেএমবির এখনকার অন্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়েও।”
গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল নিহত হন। তারপর থেকে তার স্ত্রীকে খুঁজছিল পুলিশ।
বেরিয়ে আসা ব্যক্তিদের তথ্য অনুযায়ী ওই আস্তানার ভেতরে এখনও দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন বলে জানান ছানোয়ার।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, তিনতলা ওই ভবনের নিচতলায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। যারা আত্মসমর্পণ করেছে, তারা অস্ত্র জমা দিয়েছে। ভেতরে আরও ‘জঙ্গি’ রয়েছে।
শনিবার সকালে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। এ ছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।


