গণজাগরণ মঞ্চের মুখপাত্র এলেন কনের বাড়ির বিবাহ মঞ্চে, বললেন কবুল; মন্ত্রীকন্যার সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রবেশ করলেন নতুন জীবনে।
বর ইমরান এইচ সরকার যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র-জনতার আন্দোলন শুরুর পর থেকে বাংলাদেশের পরিচিত মুখ। আর কনে নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাবা।
শনিবার রাতে ঢাকার হেয়ার রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাসভবনেই ঘরোয়া আয়োজন সারা হল ইমরান-নন্দিতার বিয়ের অনুষ্ঠানিকতা।
দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যা আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত, মানবাধিকার কর্মী খুশি কবির, নারী অধিকার কর্মী শিপ্রা বসু এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। গণজাগরণ মঞ্চে ইমরানের বেশ কয়েকজন সহযোদ্ধাও ছিলেন।
আগের দিন একপ্রকার চুপিসারেই বর-কনের হলুদের আনুষ্ঠান হয়। শুক্রবার রাতে ইমরান শুধু বলেছিলেন, “পারিবারিকভাবেই সব হচ্ছে। ঢাকায় কনের বাড়িতে কাল বিয়ে।”
শনিবার রাত ৮টার দিকে কয়েকজন আত্মীয় আর বন্ধুকে নিয়ে কনের বাড়িতে হাজির হন বর। রীতি মাফিক বাসার ফটকে বরপক্ষকে আটকে দেয় একদল কিশোর-কিশোরী। ফিতা আসে, কাঁচি আসে, সঙ্গে আসে কনে পক্ষের টাকার দাবি।
এ দেশের বিয়ের রীতি অনুযায়ী হাসি-আনন্দের এই ‘গেইট ধরা’ পর্বে বরের পক্ষে দর কষাকষিতে অংশ নেন অর্থনীতির শিক্ষক আবুল বারকাত।
কথা বলেন বর নিজেও। গেইট আগলে থাকা কনের বাড়ির ছেলে-মেয়েদের সঙ্গে এক সময় সমঝোতা হয়। কাঁচি পেয়ে ফিতা কেটে ইমরান এইচ সরকার ভেতরে প্রবেশ করেন বিয়ে বাড়িতে।
গণজাগরণের মিছিলে যে ইমরানকে সব সময় পাঞ্জাবিতে দেখা গেছে, বিয়ের আসরে তার গায়ে ছিল সোনালী শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি। আর কনে নন্দিতা এসেছিলেন বেনারসি শাড়িতে সেজে।
রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত।
ঘনিষ্ঠজনরা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরান-তিন্নির বিয়ের কথা চলছিল। সেই ইংগিত এসেছিল বছরের শুরুতে ইমরানেরই এক ফেইসবুক পোস্টে।
ফেব্রুয়ারিতে ফেইসবুকে ইমরান লিখেছিলেন, বাবা-মায়ের দুশ্চিন্তা কমাতে তিনি বিয়ে করছেন ২০১৬ সালেই। আর বছরের শেষভাগে এসে ২২ ডিসেম্বর আরেক পোস্টে ইমরান বলেন, তিনি আছেন ভালো কিছুর অপেক্ষায়।


