বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশানের ডিসিসি মার্কেটে আগুন, ধসে পড়েছে ভবনের একাংশ

dcc-gulshansরাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। এতে মার্কেটের কয়েকশ’ দোকান পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় দ্বিতল ওই ভবনের একাংশ ধসে পড়েছে।

সোমবার দিনগত রাত ২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

মার্কেটের সামনে আহাজারিরত এক দোকান মালিক বলেন রাত ২টার সময় মার্কেটে আগুন লাগে বলে এক নিরাপত্তা রক্ষী তাকে জানান। ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ  জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কমকর্তা।

এদিকে সকাল ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ীরা। তাঁরা অনেকেই অগ্নিকাণ্ডে তাঁদের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ডিসিসির এই বাজারে প্রায় দেড় হাজার দোকান আছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আরও পড়ুন