বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশে ভোটার বাড়ল ১৫ লাখ, তালিকা প্রকাশ

সারা দেশে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১৪ লাখ ৯৭ হাজার ৬২৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। ২ জানুয়ারি নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৩১ জানুয়ারি।

নতুন তালিকায় নয় লাখ দুই হাজার ৮১২ জন পুরুষ ও পাঁচ লাখ ৯৪ হাজার ৮৬০ জন নারী ভোটার যুক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে এখন ভোটার সংখ্যা ১০ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৬০১ জন।

চলমান ভোটার তালিকা হালনাগাদে মোট তিন লাখ ৭১ হাজার ১৭ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। গত বছর হালনাগাদের সময় নাগরিকের তথ্য অগ্রিম সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে ভোটার হওয়ার যোগ্যরা খসড়া তালিকায় যুক্ত হয়েছেন। এমন ভোটারের সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন।

ভোটার তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি, সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া দরখাস্তগুলো নিষ্পত্তির শেষ দিন ২২ জানুয়ারি, রেজিস্ট্রেশন অফিসারের কাছে দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া দরখাস্তের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ দিন ২৭ জানুয়ারি। সব প্রক্রিয়া শেষে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।

খসড়া ভোটার তালিকা সবাই দেখতে পাবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের (উপজেলা বা থানা নির্বাচন) অফিস, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড বা রেজিস্ট্রেশন কেন্দ্রসহ জনগুরুত্বপূর্ণ স্থানে।

আরও পড়ুন