নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে পাঁচজনের নাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দলটির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচন কমিশনের জন্য আওয়ামী লীগের প্রস্তাবিত পাঁচজন হলেন- সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক সচিব আবদুল করিম, মঞ্জুর হোসেন ও সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম।
বিএনপির পক্ষ থেকে যাঁদের নাম প্রস্তাব করা হয়েছে, তাঁদের মধ্যে সম্ভাব্য ব্যক্তিরা হলেন- ড. তোফায়েল আহমেদ, সালেহউদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, সাবেক সচিব আসাফউদ্দৌলা ও আইনজীবী শাহদীন মালিক।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল।
নাম জমা না দেওয়া দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জেএসডি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ২৫টি রাজনৈতিক দল ১২৫ জনের নাম প্রস্তাব করেছে। এঁদের মধ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। তবে এদের কারো নাম এখন প্রকাশ করা হবে না।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চেয়ারম্যান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মহা-হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিরীণ আখতার।
আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করতে হবে।


