অটোরিকশা চালকের উপর এক পুলিশে সদস্যের হামলা থামাতে যাওয়া আরও কয়েকজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই কনস্টেবলের বিরুদ্ধে।
শুক্রবার সকালে পিরোজপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। ওই সময় গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের একটি শোভাযাত্রা যাচ্ছিল। পৌরসভা সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শোভাযাত্রাটি পৌঁছলে ট্রাফিক পুলিশ রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করছিল।
ওই সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তার পাশে থামানোর সময় এক ব্যক্তির গায়ে সামান্য ধাক্কা লাগে, যিনি পুলিশের কন্সটেবল।
প্রিন্স সিমলাই নামের ওই পুলিশের কনস্টেবল পিরোজপুর জেলায় কর্মরত আছেন।
স্থানীয়রা আরও জানান, এরপর ওই কন্সটেবল অটোরিকশাটি থামিয়ে চালক দুলালকে গাড়ির ভিতরে থাকা অবস্থা চড় দিতে দিতে নামিয়ে পেটাতে শুরু করেন।
ওই সময় তিনি বলতে থাকেন, “তুই চিনিস আমারে? আমি পুলিশ, চল থানায় চল, তোর খবর আছে।”
ওই সময় দেখা যায়, রাস্তার লোকজন বিষয়টি দেখে থামাতে গেলে পুলিশ সদস্য তাদের উপরও চড়াও হন। তার হাতে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মিরণ, পৌরসভার গাড়ি চালক শাহীনসহ আরও কয়েকজন লাঞ্ছিত হন।
এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান বলেন, “বিষয়টি খতিয়ে দেখছি, পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”


