সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে ছাত্রলীগের মধ্যে ডা. ইমরান এইচ সরকারকে নিয়ে ক্ষোভ শুরু হয়। এক ছাত্রলীগ নেতা ইমরানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পেলে পেটানোর ঘোষণা দিয়েছেন।
এরই জের ধরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে জানিয়েছেন, ইমরান এইচ সরকারের জন্য ৫০০ পঁচা ডিম অর্ডার দিয়েছে ছাত্রলীগ।
মোতাহার হোসেন প্রিন্স লিখেছেন, মারধোর করে হিটখোর ইমরান-সনাতন’রে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ! ওদের জন্য ৫০০ পঁচা ডিমের অর্ডার দেয়া হয়েছে। ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখা মাত্র পঁচা ডিম ছোড়া হবে!
হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতারা।
সোমবার রাতে আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির মিছিল থেকে শাহবাগে ইমরান সরকারকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়।
শাহবাগে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, “এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও সনাতনকে (সংস্কৃতিকর্মী) যেখানেই দেখা হবে, সেখানে কুত্তার মতো পেটানো হবে।”
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ছাত্রলীগেরই রংপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ে যুক্ত ছিলেন। তিনি শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জামাতা।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণের আন্দোলনের সূচনায় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এর আহ্বায়কের দায়িত্ব নেন ইমরান। শুরুতে ছাত্রলীগ এই মঞ্চের সঙ্গে থাকলেও পরে সরে যায়, এখন বাম ছাত্র সংগঠনগুলো ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন মঞ্চে সক্রিয়।


