বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধার ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

গাইবান্ধা সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটির প্রার্থিতা ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকারের বাসভবনে ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির এ চার প্রার্থী হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (সদর) মো. আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) ব্যারিস্টার দিলারা খন্দকার, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) অ্যাডভোকেট এইচ এম গোলাম শহীদ রঞ্জু।

তবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী কে হবেন তা পরে ঘোষণা করা হবে বলে জানান দলটির চেয়ারম্যান।

অনুষ্ঠানে পলাশবাড়ী-সাদুল্যাপুর উপজেলার জাতীয় পার্টির অনেক নেতাকর্মী অংশ নেন।

এসব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আগামী নির্বাচনের জন্য জনসম্পৃক্ততা বাড়িয়ে কাজ করার আহ্বান জানান দলীয় চেয়ারম্যান এরশাদ।

আরও পড়ুন