বিনোদন প্রতিবেদক: এবারের ঈদে একটি রেডিও স্টেশনের লাইভ আলাপচারিতায় এসেছেন নায়িকা অপু বিশ্বাস ওরসে অপু ইসলাম খান। এতোদিনের জানা কথাগুলোর বাইরে তিনি বলেছেন আরো কিছু কথা।
এবারে তিনি বলেছেন, শাকিব খান কিভাবে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। শাকিব খান তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন আশুলিয়ায়। এছাড়া বিয়ে করেছিলেন একটি মাজারে।
এছাড়া আরও কিছু কথাবার্তা তিনি বলেছেন, যা আগে বলেননি।
দীর্ঘদিন অন্তরালে থাকার পর গতমাসে সশরীরে সামনে আসেন অপু বিশ্বাস। সেই সময় জানিয়েছেন শাকিবের সঙ্গে তার বিয়ের খবর। তিনি আগেই বলেছিলেন, ‘২০০৮ সালে ১৮ এপ্রিল আমাদের বিয়ে হয়েছে। শাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের সময় আমার নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে।’ অপু বলেছেন, শাকিবের ভালো চিন্তা করে এতদিন চুপ করেছিলাম। অনেক ছাড় দিয়েছি। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছি। কারণ, সে আমাকে সবসময় ছোট করেছে। অনেক লাঞ্ছনা সহ্য করেছি। কিন্তু আর সইতে পারলাম না। তাই টিভি লাইভের মাধ্যমেই সারাদেশকে জানিয়ে দিলাম। কারণ এ সত্য প্রকাশটা আমার জন্য নয়, আমার সন্তানের ভবিষ্যতের জন্য।’
অপু বিশ্বাস বলেছিলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব আমাকে বলেছিল নিজেকে লুকিয়ে রাখতে। তাই লুকিয়েছিলাম। কিন্তু সন্তান হওয়ার সময় শাকিব আমার পাশে ছিল না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে আসে। সন্তানের সব খরচও দেয়। সর্বশেষ ৮ এপ্রিল রাতেও সে আমার সাথে দেখা করেছে। বাচ্চাকে আদর করেছে। এতদিন এসব খবর আড়াল রাখার প্রসঙ্গে অপু বলেন, শাকিবের ক্যারিয়ার এখন তুঙ্গে। সে আমার স্বামী। এসব কথা জানাজানি হয়ে গেলে তার সম্মানহানি হবে, ক্যারিয়ারের ক্ষতি হবে, তাই চুপ করে ছিলাম। কিন্তু সে এখন যেটা করছে সেটা অন্যায়। আমাকে আমার যোগ্য সম্মানটা দিচ্ছে না। একটা মেয়ের জীবনে এর চেয়ে অপমানের আর কী হতে পারে? রেজিস্ট্রি করে বিয়ে করানো হয়।’
বিয়ের আট বছরের মাথায় অপু বিশ্বাসের কোল জুড়ে আসে ফুটফুটে এক পূত্র সন্তান। গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার এক ক্লিনিকে জন্ম হয় শাকিব ও অপুর সন্তানের। এ সন্তানের নাম রাখা হয় আব্রাহাম খান জয়। সন্তান জন্মের সময় ছবির শুটিংয়ের ব্যস্ততা থাকায় পাশে থাকতে পারেননি শাকিব। এছাড়া এক বছর শাকিবের সঙ্গে তার কথা হয়নি বলেও জানিয়েছেন লাইভে।
অপু বলেন, সম্প্রতি আমাকে ও সন্তানকে এড়িয়ে চলতে শুরু করেন শাকিব। আর সহ্য করতে না পেরে মুখ খুলতে বাধ্য হয়েছিলাম।



