
কেফায়েত উল্লাহ মিয়াজী, কুমিল্লা ॥
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে সোমবার দিবাগত গভীররাতে দুই জন মেধাবী ছাত্রকে তুলেনিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। তবে আইন-শৃংখলা বাহিনীর কোন সংস্থা তাদেরকে গ্রেফতার বা আটকের বিষয়ে শিকার করেনি। ওই দুই ছাত্রের পরিবারিক সূত্রে জানাযায়, ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া একজন তুলাগাঁও গ্রামের ইউনুস আলী মৃধার ছেলে ওসমান গনি মৃধা (২১)। তিনি কুমিল্লা ভিক্ট্রোরিয়া সরকারী কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র। অপরজন একই বাড়ীর মোস্তাফিজুর রহমান মৃধার ছেলে নাছির উদ্দিন মৃধা (১৭)। সে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের ন্যায় রাতে পড়া-লেখা শেষ করে পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিলেন তারা। রাত আনুমানিক দেড়টার সময় ১০-১২ জনের সাদা পোশাকধারি লোকজন নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। তদেরকে পরে ডিবি পরিচয়ে আসা ওই ব্যক্তিরা গড়ীতে উঠিয়ে নিয়ে যান। এ ঘটনার পর নাঙ্গলকোট থানা পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থাতে তাদের খোঁজ নিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি। ওসমান গনি মৃধার পিতা ইউনুস আলী মৃধা জানান, আমরা শুনেছে তারা রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যলয়ে আছে। তবে আমরা বিষয়টি এখন পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। এদিকে, তুলাগাঁও গ্রামের মেধাবী ছাত্র ওসমান গনি ও নাছির উদ্দিনের কোন খোঁজ না পাওয়ায় তাদের পরিবারসহ পুরো গ্রামে চলছে আহাজারি।
নাঙ্গলকোটে ডিবি পুলিশ পরিচয়ে দুই মেধাবী ছাত্রকে তুলে নিয়ে গেছে সাদা পোষাকের লোকেরা
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।


