মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

তোমাকে ভালোবাসি মা

21200_1মেহেদী হাসান (বাবু): মায়ের প্রতি শ্রদ্ধা প্রতিদিনই থাকে। তারপরও সবাই একসাথে মাকে সম্মান জানাতে মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস। এ দিনকে সামনে রেখে মাকে নিয়ে কয়েকজন তারকার ভাবনা তুলে ধরেছেন আলমগীর কবির
মৌসুমী : ছোটবেলায় মায়ের সাথে সন্তান হিসেবে যা যা করতাম এখন আমার ছেলে স্বাধীন আর মেয়ে ফাইজাও তেমনি করে আমার সাথে। সারা দিন কাজ শেষে ঘরে ফিরলেই তারা আমাকে জড়িয়ে ধরে। খুলনায় থাকাকালে দুপুরে ঘুমালে মা পাশের বাড়ির খালাদের সাথে কথা বলতে যেতেন। আর আমি ঘুম থেকে উঠে মাকে না দেখলে কী যে অস্থির হতাম। মা যখন ঘরে ফিরত তখন আনন্দে আমি মাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে রাখতাম। তারকা হওয়ার আগে মায়ের সাথেই আমার বেশি সময় কেটেছে। কিন্তু অনেক দিন কাজের ব্যস্ততার কারণে খুব একটা সময় পেতাম না মায়ের কাছে যাওয়ার। তবে কাজ শেষ করে প্রায় রাতেই মায়ের বাড়ি হয়ে আসতাম। এখন আবার আগের মতো হয়ে গেছি। সময় পেলেই সানী, ছেলেমেয়ে নিয়ে ঘুরে আসি মায়ের বাড়ি থেকে। আমার জীবনের অনেক অংশজুড়েই আছে আমার মা।
আগুন : মন খারাপ হলেই গানটি শুনি। ‘মধুর আমার মায়ের হাসি’ গানটি আমার খুব প্রিয়। এ গানের সাথে আমার মায়ের অনেক মিল আছে। মা হাসিখুশি ছিলেন। সব ভাইবোন মিলে তাকে অনেক জ্বালাতাম। কিন্তু কখনো তার মুখে অসহ্য বা ক্লান্তির ছাপ দেখিনি। মায়ের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত প্রতিটি দিনই কেমন যেন শূন্য লাগে। মা এমন একজন মানুষ যাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করা যায় না। যাদের মা নেই তারাই জানেন মায়ের শূন্যতা কত বড়। মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জেমসের ‘মা’ গানটি শুনলেই আমার চোখে পানি চলে আসে।
শাকিব খান : মা আমার চোখের মণি, মায়ের মতো আপন কেউ নেই। গীতিকার এবং গায়কেরা বিভিন্ন গানের মাধ্যমে মাকে যেভাবে তুলে ধরেছেন, আমি তার চেয়ে বেশি মাকে ভালোবাসি। যখন মিডিয়ায় কাজ শুরু করি, তখন আমার চালচুলো কিছুই ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ায় মায়ের অনেক আশা ও স্বপ্ন ছিল। তখন ঘুরে বেড়াতাম, চিন্তা করতাম মায়ের এসব স্বপ্ন পূরণ করা কি সম্ভব হবে? আজ মায়ের সব স্বপ্ন পূরণ করার ক্ষমতা দিয়েছেন ওপরওয়ালা। তাই মা যা চান তা-ই করার চেষ্টা করি। একবার জন্মদিনে মাকে একটি গাড়ি উপহার দিয়েছি। ছোটবেলা থেকেই শুনতাম মা নিজের একটি গাড়ির স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নটা পূরণ করতে পেরে অনেক ভালো লেগেছে। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে মায়ের দোয়া নিয়ে বের হই।
রিচি সোলায়মান : মায়ের কোলেই বেশি ঘুমিয়েছি। প্রায়ই রাতে মায়ের কোলে ঘুমানোর বায়না ধরতাম। এখনো ঘুমাতে গেলে শৈশবের সেই দিনগুলো খুব মনে পড়ে। ছোটবেলায় মায়ের সাথে সন্তান হিসেবে যা যা করতাম এখন আমার সন্তানও সেগুলোই করছে এবং করবে। সারা দিন কাজ শেষে ঘরে ফিরলেই সন্তানের মুখটা দেখে হৃদয় জুড়িয়ে যায়। আমি ছোটবেলায় দুপুরে ঘুমিয়ে পড়লে মা পাশের বাড়িতে চলে যেতেন। ঘুম থেকে ওঠে মাকে না দেখলে খুব খারাপ লাগত। কান্নাকাটি শুরু করে দিতাম। এখনো মাকেই পাশে রাখার চেষ্টা করি।
রিয়াজ : পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার মা। এ মানুষটির জন্যই আজ আমার এ অবস্থা। ছোটবেলা যেমন শাসন করেছেন, তেমনি মানুষের মতো মানুষ করার ক্ষেত্রেও তার অবদান অনেক। মা এমন একজন মানুষ যাকে ছাড়া নিজের অস্তিত্ব ভাবা যায় না। এক কথায়, মায়ের মতো আপন কেউ নেই।
বাঁধন : মা হওয়ার অনুভূতি একজন নারীর জন্য কতটা গৌরবের, কতটা আনন্দের তা বাঁধনকে দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন যে কেউ। বাঁধন বলেন, একমাত্র মেয়েকে নিয়েই যেন কাটে আমার সারাবেলা। স্যুটিংয়ে থাকলেও সারাক্ষণ আমি আমার মেয়ের খোঁজখবর নিতে থাকি। এ ছাড়া কোনো দাওয়াত, হোক সেটা পারিবারিক কিংবা মিডিয়ার মেয়েই থাকে আমার একমাত্র সঙ্গী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *