নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর উপর যৌন নিপীড়ন ও রবিবার
ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ডাকে একই সঙ্গে মঙ্গলবার সকালে থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধর্মঘট চলছে বলে জানিয়েছেন আন্দলোনরত ছাত্রনেতারা। কর্মসূচি সফল করতে মঙ্গলবার সকাল ৭টা থেকে ঢাবির বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে অবস্থান নেন প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। সকাল থেকেই কলা ভবন, সমাজ বিজ্ঞান অনুষদ, কার্জন হল, মোকাররম হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা।
সকাল সোয়া ১০টায় ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক দ্য রিপোর্টকে বলেন, ঢাবিসহ সারা দেশেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একই অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদিক রেজা বলেন, পয়লা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার, বিচার ও ঢাবি প্রক্টরের পদত্যাগ এবং রবিবারের প্রতিবাদ সমাবেশে হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন। এ কারণেই আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাশ ও পরীক্ষা হচ্ছে না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রবিবার সংবাদ সম্মেলন করে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক। সোমবার প্রগতিশীল ছাত্রজোট ও সামরাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যও ছাত্র ইউনিয়নের এই কর্মসূচির সঙ্গে সংহতি জানায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর ডিএমপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ফাঁকা গুলি ও লাঠিপেটায় ৩০ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক, সহসভাপতি মারুফ বিল্লাহ তন্ময় ও পয়লা বৈশাখের নারী লাঞ্ছনার প্রতিবাদকারী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীও রয়েছেন।



Leave a Reply