স্পোর্টস ডেস্ক: ভারত-পাক সিরিজ নিয়ে ফের জটিলতা৷ সংসদে বিজেপি সাংসদের সিংহের তীব্র বিরোধিতার পরই বদলে গেল বিসিসিআইয়ের সুর৷ এবছর সিরিজের সম্ভাবনা কম৷ জানালেন বোর্ড সচিব৷ ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেলানো উচিত নয়, প্রতিক্রিয়া পিসিবি চেয়ারম্যানের৷
ভারত-পাক ক্রিকেটিয় দৌত্যের মাঝে কি ফের রাজনৈতিক অনুপ্রবেশ? চাপের মুখে কি ফের সুরবদল বিসিসিআইয়ের? ভারত-পাক সিরিজ নিয়েরোববার শাহরিয়ার-ডালমিয়া বৈঠকের পরই সোমবার নাটকের পর নাটক৷ সংসদে সিরিজের তীব্র বিরোধিতায় সরব প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ও বিজেপি সাংসদ আর কে সিংহ৷ যেখানে হাফিজ সাঈদের মত জঙ্গি প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াতে পারে, জাকিউর রহমান লকভিরা যেখানে সহজে জামিন পেয়ে যায়, সেই দেশের সঙ্গে ক্রিকেট সিরিজ করার যৌক্তিকতা কোথায়? প্রশ্ন আর কে সিংহর৷
বিজেপি সাংসদের এই মন্তব্যের পরই বিসিসিআইয়ের ইউ টার্ন৷ রোববার ডালমিয়া-শাহরিয়ার খান বৈঠকের পর যেখানে বলা হয়েছিল, কেন্দ্রের সবুজ সঙ্কেত পেলে ডিসেম্বরেই ভারত-পাক সিরিজ, সোমবার ঠিক সেখান থেকেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বোর্ড সচিব৷ অনুরাগ ঠাকুর জানালেন এ-বছর ভারত-পাক সিরিজ হওয়ার সম্ভাবনা খুবই কম৷ এটা খুবই সংবেদনশীল বিষয়৷ সিরিজ নিয়ে একেবারে প্রাথমিক স্তরে কথাবর্তা হয়েছে৷ বোর্ড সচিবের মন্তব্যে দৃশ্যতই হতাশ পিসিবি চেয়ারম্যান৷ বিজেপি সাংসদের মন্তব্যের প্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেলানো উচিত নয়৷
রোববারের বৈঠকের পর আশার যে আলোটা জ্বলতে শুরু করেছিল, এক ফুঁয়ে যেন তা নিভে গেল হঠাত্৷ ফের বিশ-বাঁও-জলে ভারত-পাক সিরিজের ভবিষ্যত্৷-এবিপি।
ফের জটিলতা পাক-ভারত ক্রিকেট নিয়ে
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply