যশোরের বেনাপোলের পাঁচভূলাট সীমান্তে বিএসএফ’র গুলিতে আবু সাঈদ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সাঈদ শার্শার রামপুর গ্রামের জামাত আলীর ছেলে। অগ্রভূলাট সীমান্তের বিপরীতে ভারতের বর্ণবাড়িয়া সীমান্তের ইছামতি নদীর তীরে শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ গরুর ব্যাপারী।
এলাকাবাসী জানায়, আবু সাঈদসহ কয়েক যুবক শনিবার রাতে গরু আনতে ভারতে যান। গরু নিয়ে তারা ভারতের বর্ণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তখন আবু সাঈদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় নদীর তীর থেকে সঙ্গীরা সাঈদকে উদ্ধার করে আনার সময় পথের মধ্যে তিনি মারা যান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, ঘটনাস্থল থেকে রোববার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি.কম


