মালয়েশিয়ার উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় ১৩৯টি গণকবর ও ২৮টি মানব পাচারসংশ্লিষ্ট বন্দিশিবির পাওয়া গেছে।
সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় পুলিশ বাহিনীর প্রধান খালিদ আবু বকর এসব তথ্য জানান। এ মাসের শুরুর দিকে দেখা দেওয়া অভিবাসী সংকটের পর এবারই প্রথম মালয়েশিয়ায় গণকবর ও বন্দিশিবিরের সন্ধান মিলল।
সংবাদ সম্মেলনে খালিদ বলেন, ‘কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৩৯টি গণকবরের সন্ধান পেয়েছে। এর প্রতিটিতে ঠিক কত লাশ রয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।’
এ ছাড়া আরও ২৮টি বন্দিশিবিরের সন্ধান মিলেছে। এতে কয়েক শ লোক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসব গণকবর ও বন্দিশিবির এ অঞ্চলের মানব পাচার বাণিজ্যের ভয়ংকর দিকটি তুলে ধরেছে বলে প্রতিবেদনে জানানো হয়।
চলতি মাসের শুরুর দিকে অভিবাসন-প্রত্যাশীদের গণকবর ও বন্দিশিবিরের সন্ধান পায় থাইল্যান্ডের পুলিশ। তখন মালয়েশিয়ায় গণকবর ও বন্দিশিবির থাকার বিষয়টি অস্বীকার করে দেশটির কর্মকর্তারা।
পুলিশপ্রধান বলেন, জংলি ও পাহাড়ি এলাকায় এ গণকবর ও বন্দিশিবিরের সন্ধান মিলেছে। এসব এলাকা খুবই দুর্গম।
ওয়ার্ল্ডনিউজবিডি ডট কম



Leave a Reply